Rainfall alert: ঘণ্টায় ৬০ কিমি বেগে ধেয়ে আসছে ঝড়, দক্ষিণবঙ্গের এক জেলায় প্রবল বর্ষণের আশঙ্কা! বজ্রপাতেরও পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতরের তরফে দক্ষিণবঙ্গের এক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস। সেই সঙ্গে বজ্রপাত ও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, তাই সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বত্র ইতিমধ্যেই বর্ষার প্রবেশ সম্পূর্ণ হয়েছে। ১৬ মে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু নিকোবর দ্বীপপুঞ্জ অতিক্রম করে আন্দামানের কিছু অংশে প্রবেশ করেছিল। এরপর ১৮ মে থেকে গোটা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগর জুড়ে সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু। এদিকে, ভারতের মৌসম ভবন জানিয়েছে, নির্ধারিত সময়ের প্রায় ৬ দিন আগেই, অর্থাৎ ২৬ মে কেরলে বর্ষার আগমন হতে পারে।
কলকাতায় বর্তমানে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। পশ্চিমের জেলাগুলিতে পারদ ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে বলে পূর্বাভাস। আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার নদিয়া, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আগামী ৪৮ ঘণ্টায় পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে দমকা হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা থাকবে।

তবে বৃহস্পতিবারের পর থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমতে পারে। যদিও বিক্ষিপ্ত বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও আগামী সাতদিন দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা থাকলেও তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

আজ মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল বুধবার থেকে আবহাওয়ার আরও অবনতি হওয়ার ইঙ্গিত মিলেছে। দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত একাধিক জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Banglafeedtime

Also Read ..

N
MPSC Group B Main Hall Ticket 2025 Released: আপনার হল টিকিটটি এখান থেকে ডাউনলোড করুন।
N
IGNOU BEd Result 2025 : এখান থেকে সরাসরি ফলাফল ডাউনলোড করুন
N
QS World University Ranking 2026
N
Bihar Police Constable City Slip 2025 এখান থেকে সিটি স্লিপ ডাউনলোড করুন
N
UGC NET Admit Card 2025: এখানে থেকে অবিলম্বে ডাউনলোড করুন আপনার অ্যাডমিট কার্ড